কুমিল্লার দেবিদ্বারে চামড়াবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার ও এক ট্যানারি কর্মচারীসহ আরও দুইজন আহত হয়েছেন। শনিবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর বাজারের পূর্বপাশের একটি কালভার্টে ওঠার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মো. সোহেল রানা। তিনি গাজীপুর জেলার বাসিন্দা ছিলেন। আহতরা হলেন—পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা ও ট্যানারি কর্মচারী মো. সোহেল সর্দার এবং ট্রাকের হেলপার মো. মনির হোসেন। আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদুল আজহার পর স্থানীয় ব্যবসায়ী মো. সফিকুল ইসলাম বিভিন্ন এলাকা থেকে প্রায় এক হাজার চামড়া সংগ্রহ করে তার শেডে সংরক্ষণ করেছিলেন। শনিবার রাতে সেসব চামড়া সাভারের একটি ট্যানারিতে পাঠানোর জন্য ট্রাকে লোড করা হয়। ট্রাকটি রওনা দেওয়ার কিছুক্ষণ পরই খলিলপুর বাজার সংলগ্ন কালভার্টে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক সোহেল রানার মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও দেবিদ্বার থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে ট্রাকটি চামড়ায় পুরোপুরি বোঝাই থাকায় এবং রাস্তা সরু হওয়ার কারণে রেকার পৌঁছাতে না পারায় উদ্ধার কাজে জটিলতা তৈরি হয়। রাত ১টা পর্যন্ত চালকের মরদেহ ট্রাকের নিচ থেকে বের করা সম্ভব হয়নি।
মুরাদনগর ফায়ার সার্ভিসের লিডার মো. জসিম উদ্দিন বলেন, "ট্রাকটি ভারী চামড়ায় বোঝাই থাকায় এবং উল্টে যাওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। স্থানীয়দের সহায়তায় আগে চামড়াগুলো সরিয়ে পরে ট্রাকটি তোলার চেষ্টা চলছে। এরপর চালকের মরদেহ উদ্ধার করা হবে।"
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে অবস্থান করছে। চালকের মরদেহ উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments