Image description

খুলনার পাইকগাছা পৌরসভায় সরকারের উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন (সিডিউল) উপেক্ষা করে আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনিয়মের চিত্র ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী। সরেজমিনে তদন্তে অনিয়মের সত্যতা পাওয়ায় ত্রুটিপূর্ণ পুরো কাজ ভেঙে সিডিউল মোতাবেক নতুন করে করার কঠোর নির্দেশ দিয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের টোল আনারের বাড়ি থেকে কার্যসহকারী বিদ্যুৎ কুমার রায়ের বাড়ি পর্যন্ত প্রায় ১০৮ মিটার আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণের কাজ পায় ‘আঁখি এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে মাঠপর্যায়ে কাজটি বাস্তবায়ন করেন সাব-ঠিকাদার ইউসুফ আলী সরদার। গত ২৮ জুন সড়কটির ঢালাই কাজ সম্পন্ন হওয়ার পর থেকেই কাজের মান নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিডিউল অনুযায়ী আরসিসি রাস্তায় ৪ ইঞ্চি পুরুত্ব (থিকনেস) ঢালাই দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে মাত্র ২ থেকে ৩ ইঞ্চি। সবচেয়ে ভয়াবহ অনিয়ম ধরা পড়েছে ড্রেনের স্লাবে (ঢাকনা)। সেখানে রডের খাঁচা ব্যবহারের নিয়ম থাকলেও রড ছাড়াই শুধু বালু ও সিমেন্ট দিয়ে স্লাব ঢালাই করা হয়েছে। পরবর্তীতে স্থানীয়রা ১০টি অব্যবহৃত রডের খাঁচা উদ্ধার করেন। এছাড়া লবণাক্ত বালু ও নিম্নমানের খোয়া ব্যবহারের ফলে দুই দিনের মাথায় ঢালাই হাত দিয়েই ভেঙে ফেলা যাচ্ছিল।

এ বিষয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অতিরিক্ত দায়িত্বে থাকা পৌর নির্বাহী প্রকৌশলী নুর আহাম্মদ জানান, তিনি সাতক্ষীরায় কর্মরত থাকায় বিস্তারিত উপ-সহকারী ও কার্যসহকারী বলতে পারবেন। অন্যদিকে কার্যসহকারী বিদ্যুৎ কুমার রায় দাবি করেন, ঠিকাদার তাঁর কথা না শুনেই জোর করে কাজ সম্পন্ন করেছেন।

বিষয়টি নজরে আসার পর বুধবার (১ জুলাই) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী। পরিদর্শনকালে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং জনস্বার্থে অনতিবিলম্বে পুরো ত্রুটিপূর্ণ অংশ ভেঙে নতুন করে মানসম্মত কাজ নিশ্চিত করার জন্য নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেন।

মানবকণ্ঠ/ডিআর