এআই দিয়ে ভুয়া প্রবেশপত্র তৈরি করে পরীক্ষা, ছাত্রী ও ভাই আটক
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া প্রবেশপত্র তৈরি করে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে এক ছাত্রী ও তার সহযোগী ধরা পড়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে কসবা তফাজ্জল আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুজনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আটককৃতরা হলেন—কসবা মহিলা কলেজের অকৃতকার্য শিক্ষার্থী তাসফিয়া জান্নাত (১৮) এবং তার ফুফাতো ভাই ইনজামুল হক (১৯)।
কেন্দ্র সূত্রে জানা যায়, তাসফিয়া গত বছর অকৃতকার্য হলেও এবার নিয়মিত পরীক্ষার্থী সেজে পরীক্ষা দেওয়ার পরিকল্পনা করেন। এ লক্ষ্যে তার ফুফাতো ভাই ইনজামুলের সহায়তায় এআই প্রযুক্তি ব্যবহার করে একটি অবিকল ভুয়া প্রবেশপত্র তৈরি করেন। পরীক্ষা শুরুর আগে কক্ষ পরিদর্শকরা প্রবেশপত্র যাচাই করতে গিয়ে দেখেন কার্ডে উল্লিখিত কোড নম্বর ও বিষয়ের সঙ্গে মূল ডাটাবেজের মিল নেই। বিষয়টি সন্দেহজনক হলে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তফাজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদকে জানানো হয়। পরে যাচাই-বাছাই শেষে প্রবেশপত্রটি জাল বলে নিশ্চিত হওয়া যায়।
খবর পেয়ে কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির কেন্দ্রে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দোষ স্বীকার করায় ভুয়া পরীক্ষার্থী তাসফিয়া ও তার সহযোগী ইনজামুলকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাদের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির বলেন, “প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া প্রবেশপত্র বানিয়ে তারা জালিয়াতির আশ্রয় নিয়েছেন। অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।”
অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এমন নিখুঁত জাল প্রবেশপত্র তৈরি করা হয়েছে যা সাধারণ দৃষ্টিতে ধরা কঠিন। তবে সতর্ক নজরদারির কারণে এই জালিয়াতি ধরা পড়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments