ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়ি ও গোবিন্দ মন্দির পরিদর্শনে ব্রুনেই রাষ্ট্রদূত
রাজশাহীর শতবর্ষের ইতিহাস ও টেরাকোটার কারুকাজখচিত ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়ি ও গোবিন্দ মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনেই দারুসসালামের রাষ্ট্রদূত হাজি হারিস বিন হাজি ওসমান।
শনিবার (৪ মে) দুপুরে দুই সদস্যের এক প্রতিনিধি দল নিয়ে তিনি এই রাজকীয় স্থাপত্য পরিদর্শন করেন।
শনিবার দুপুর ১টা ৩৬ মিনিটে সড়কপথে পুঠিয়া রাজবাড়ি চত্বরে পৌঁছালে রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান এবং রাজবাড়ি কর্তৃপক্ষ।
সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রদূত রাজবাড়ির বিভিন্ন স্থাপনা এবং রাজবাড়ি সংলগ্ন প্রাচীন গোবিন্দ মন্দির ঘুরে দেখেন। টেরাকোটার সূক্ষ্ম অলংকরণ ও প্রাচীন স্থাপত্যশৈলী তিনি গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় কর্মকর্তাদের কাছ থেকে পুঠিয়ার ইতিহাস, জমিদারি আমলের স্থাপত্য এবং এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।
রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে ছিলেন ব্রুনেই দূতাবাসের প্রথম সচিব মাজি রোজাইমি বিন দাতো পদুকা হাজি আবদুল্লাহ এবং জ্যেষ্ঠ সাংবাদিক ও সাবেক সম্পাদক আব্দুর রহমান। পরিদর্শন শেষে দুপুর ১টা ৫০ মিনিটে প্রতিনিধি দলটি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে পুঠিয়া ত্যাগ করে।
পুঠিয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এবং পুরো সফরটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments