Image description

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জিমনাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) 'পুশ-ইন' করার চেষ্টা রুখে দিয়েছে স্থানীয় জনতা ও বিজিবি। শনিবার (৪ জুলাই) সকালে এলাকাবাসীর তীব্র প্রতিরোধের মুখে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়। বর্তমানে ওই সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ জুলাই) বিকেলে ভারতের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের বাগডোকড়া কোম্পানির টহল দল কাঁটাতারের বেড়ার গেট খুলে আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবককে মারধর করে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করে। স্থানীয়রা বিষয়টি দেখে তাৎক্ষণিক ৫১ বিজিবি ব্যাটালিয়নের পাটগ্রাম ক্যাম্পকে অবহিত করে এবং ওই যুবককে তাড়িয়ে দেয়। যুবকটির অসংলগ্ন কথাবার্তায় তাকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। বিজিবি সদস্যরা তাকে পুনরায় সীমান্তের জিরো পয়েন্টের কাছে পাঠিয়ে দিয়ে রাতভর সতর্ক পাহারায় থাকেন।

শনিবার সকালে বিএসএফ আবারও ওই যুবককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে স্থানীয় সীমান্তবাসী ক্ষোভে ফেটে পড়েন। এসময় বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে গ্রামবাসী সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুললে বিএসএফ সদস্যরা পিছু হটে। সর্বশেষ খবর অনুযায়ী, ওই যুবক ভারতীয় সীমান্তের ১০০ গজ অভ্যন্তরে শূন্যরেখায় অবস্থান করছে। উল্লেখ্য, ঘটনাটি সীমান্ত পিলার ৮১৮-এর জিমনাল নয়াবাড়ী এলাকায় ঘটেছে, যার বিপরীতে ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার আন্দারবাড়ী সীমান্ত অবস্থিত।

এ বিষয়ে রংপুর ৫১ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে পাটগ্রাম বিজিবির এক কর্মকর্তা জানান, ‘মানসিক ভারসাম্যহীন ওই যুবককে পুশ-ইন করার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাকে ফেরত নিতে বিএসএফকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে।’

মানবকণ্ঠ/ডিআর