‘সবাই ব্যালেন্স করে চলে, সবাইকে ধন্যবাদ’
ভুয়া ছবি ছড়ানোর অভিযোগে এমপির ক্ষোভ
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নামে ভুয়া ছবি ছড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। এ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।
সম্প্রতি দেওয়া ওই ফেসবুক স্ট্যাটাসে এমপি শাহাদাত হোসেন সেলিম লেখেন, "আমার একটা ফেক ছবি ফেসবুকে ঘুরছে। উপজেলা এবং পৌর বিএনপি 'নির্বিকার'। বিএনপির সকল অঙ্গ সংগঠন ও প্রশাসন একেবারেই 'নির্বিকার'। সবাই ব্যালেন্স করে চলে। ধন্যবাদ সবাইকে।"
জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এডিট করা ভুয়া ছবিটি প্রকাশিত হওয়ার প্রায় তিন দিন পর প্রকাশ্যে এমন প্রতিক্রিয়া জানান তিনি। তাঁর এই স্ট্যাটাস প্রকাশের পর থেকেই স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। তারা এই অপপ্রচারের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
এদিকে এমপির এই মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে নানা বিশ্লেষণ শুরু হয়েছে। সচেতন মহলের মতে, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এ ধরনের সাইবার অপরাধ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অপূরণীয় ক্ষতি করতে পারে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো তথ্য বা ছবি শেয়ার করার আগে এর সত্যতা যাচাই করা জরুরি।
স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, পরিকল্পিতভাবে সংসদ সদস্যের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই অপচেষ্টা চালানো হচ্ছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments