শ্রীপুরে কারখানায় ৭৭ শ্রমিক হঠাৎ অসুস্থ, ৭ জন ময়মনসিংহে স্থানান্তরিত
গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ ৭৭ জন শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং’ কারখানায় এই ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে অধিকাংশ্ই নারী শ্রমিক। এদের মধ্যে অবস্থার অবনতি হওয়ায় ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রমিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেন। কাজ শুরুর কিছু সময় পর পঞ্চম তলার সুইং (Sewing) বিভাগের কয়েকজন নারী শ্রমিক হঠাৎ মাথা ঘোরানো, পেটে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই অসুস্থ শ্রমিকের সংখ্যা বাড়তে থাকে। কারখানা কর্তৃপক্ষের সহযোগিতায় তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় আল-হেরা হাসপাতালে ভর্তি করা হয়।
আল-হেরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আবুল হোসেন জানান, বমি ভাব, মাথা ঘোরানো ও শ্বাসকষ্ট নিয়ে ৭৭ জন শ্রমিক হাসপাতালে এসেছিলেন। তাদের জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ৭ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হঠাৎ এত বিপুল সংখ্যক রোগী সামলাতে হাসপাতালের নার্স ও কর্মকর্তাদের হিমশিম খেতে হয়।
অসুস্থ হওয়ার কারণ সম্পর্কে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম এবং গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান জানান, এটি মূলত ‘মাস সাইকোলজিক্যাল ইফেক্ট’ বা গণ-মনস্তাত্ত্বিক রোগ। সাধারণত আতঙ্ক বা মানসিক উদ্বেগ থেকে এই ধরনের উপসর্গ দেখা দেয়। আতঙ্কিত হওয়ার ফলে একজনের দেখা দেখি অন্যরাও অসুস্থ বোধ করতে থাকেন।
উল্লেখ্য, গত ২৪ জুন এই কারখানায় লিজা আক্তার নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছিল। শ্রমিকদের অভিযোগ ছিল, অসুস্থ থাকা সত্ত্বেও ছুটি না পেয়ে লিজা মারা যান। ওই ঘটনার জেরে কারখানায় শ্রমিক বিক্ষোভ ও অস্থিরতা চলে আসছিল। ধারণা করা হচ্ছে, সেই আতঙ্ক ও মানসিক চাপ থেকেই এদিনের ঘটনা ঘটেছে।
তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য বিভাগ পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments