সাগরে লঘুচাপ
৬ দিন ধরে ট্রলার বন্ধ, সেন্টমার্টিনে খাদ্য ও ওষুধের তীব্র সংকট
বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে টানা ছয় দিন ধরে ট্রলার চলাচল বন্ধ রয়েছে। এতে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, সবজি, মাছ, গ্যাস ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন দ্বীপের প্রায় ১০ হাজার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ জুলাই থেকে সাগরে লঘুচাপ ও বৈরী আবহাওয়ার কারণে প্রশাসন নৌযান চলাচল বন্ধ করে দেয়। ফলে পণ্যবাহী ও যাত্রীবাহী কোনো ট্রলারই সেন্টমার্টিনে যেতে পারছে না। দ্বীপের বাজারে চাল, ডাল, ভোজ্যতেল, ডিম, মুরগি ও সবজির মজুত প্রায় শেষ হয়ে গেছে। অনেক দোকানে নিত্যপণ্য মিলছে না, আর যা পাওয়া যাচ্ছে তার দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।
দ্বীপের বাসিন্দারা জানান, শুধু খাদ্য নয়, রান্নার গ্যাস ও জরুরি ওষুধের সরবরাহও বন্ধ রয়েছে। চরম সংকটে পড়েছে শিশুখাদ্য। এছাড়া কোনো জরুরি রোগী উন্নত চিকিৎসার জন্য টেকনাফ বা কক্সবাজারে নেওয়ার কোনো উপায় নেই। জেলেরা মাছ ধরতে না পারায় এবং নৌযান চলাচল বন্ধ থাকায় দ্বীপের সাধারণ মানুষের আয়-রোজগারও বন্ধ হয়ে গেছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। আবহাওয়া স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত পণ্য সরবরাহের উদ্যোগ নেওয়া হবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাগরে ঝোড়ো হাওয়া ও উচ্চ ঢেউ অব্যাহত থাকায় নিরাপত্তার স্বার্থে ট্রলার চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments