কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের হামলায় ব্রাজিল সমর্থক নিহত
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে তর্কের জেরে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম (৩২) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি জীবিকার তাগিদে কুমিল্লা মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুকুরপাড় এলাকায় ভাড়া থাকতেন এবং সেখানে থেকেই কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ফুটবল খেলা ও দলের সমর্থন নিয়ে শরিফুল ইসলামের সঙ্গে স্থানীয় আর্জেন্টিনা সমর্থক বাবু ও মাইন উদ্দিন মালুর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বাবু ও মালু উত্তেজিত হয়ে শরিফুলের ওপর হামলা চালায় এবং তাকে বেধড়ক মারধর করে। এতে শরিফুল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
ওসি আরও জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত আর্জেন্টিনা সমর্থকরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments