সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে ৪ জেলে আটক
সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে অনুপ্রবেশ ও মাছ ধরার অভিযোগে চার জেলেকে আটক করেছে বন বিভাগ। বুধবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে সুন্দরবনের সাপখালী নদী থেকে কাতেশ্বর বন টহল ফাঁড়ির সদস্যরা তাদের আটক করেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, কাতেশ্বর টহল ফাঁড়ির অফিস ইনচার্জ (ওসি) আরাফাত হোসেনের নেতৃত্বে বনকর্মীরা নিয়মিত টহল দেওয়ার সময় ওই জেলেদের মাছ ধরতে দেখেন। এসময় জেলেদের ব্যবহৃত ১টি নৌকা, ২টিকে জাল, ড্রাম ও বৈঠাসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করে আভিযানিক দলটি।
আটক জেলেরা হলেন— শ্যামনগর উপজেলার ৯ নম্বর সোরা গ্রামের হেলাল হোসেন, নজরুল ইসলাম, সাকিল মোড়ল ও বাবু গাজী।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে সুন্দরবনে মাছের প্রজনন মৌসুম চলায় বন ও নদীতে সব ধরনের মানুষের প্রবেশ ও মাছ ধরা নিষিদ্ধ। কিন্তু ওই জেলেরা আইন অমান্য করে অবৈধভাবে বনে প্রবেশ করেছিল। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments