কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানিতে নৌকা ডুবে হাসনাতুল জন্নাত ঝর্ণা (১২) ও জেরিন (৭) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ঝর্ণা ও জেরিন ওই এলাকার আব্দুল মালেকের মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা বর্ষণে আব্দুল মালেকের বসতবাড়ি পানিতে তলিয়ে যায়। শুক্রবার সকালে ঝর্ণা তার দুই বোন সাওরিন মনি ও জেরিনকে নিয়ে নৌকাযোগে পাশের একটি উঁচু স্থানে যাচ্ছিল। পথে পানির প্রবল স্রোতে তাদের বহনকারী নৌকাটি উল্টে যায়। এসময় তিন বোনই পানিতে তলিয়ে গেলে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে সাওরিন ও জেরিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে ঝর্ণা স্রোতের টানে নিখোঁজ হয়।
খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ ছয় ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে দুপুর ২টার দিকে ঝর্ণার মরদেহ উদ্ধার করে। অন্যদিকে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে ছোট বোন জেরিনেরও মৃত্যু হয়। একসঙ্গে দুই সন্তানের এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্যার পানি বাড়ার কারণে পারাপারের সময় প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। দুই শিশুকে জীবিত উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত কাউকেই বাঁচানো সম্ভব হয়নি।
উল্লেখ্য, কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও মাতামুহুরি নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চকরিয়ার নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। কয়েক লাখ মানুষ বর্তমানে পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। এখনো বৃষ্টি অব্যাহত থাকায় পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments