টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পাঁচ দিন বন্ধ থাকার পর অবশেষে রোববার (১২ জুলাই) থেকে চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল পুনরায় শুরু হচ্ছে। রেললাইনের ওপর জমে থাকা পানি নেমে যাওয়ার পাশাপাশি জরুরি সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় এই রুটটিকে চলাচলের জন্য নিরাপদ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানায়, আজ সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ‘পর্যটক এক্সপ্রেস’ চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রার মাধ্যমে এই রেল যোগাযোগ পুনরায় সচল হবে। রেলওয়ে পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা চট্টগ্রাম রেলস্টেশনে উপস্থিত থেকে এই কার্যক্রম তদারকি করবেন। তবে আজ সকালে ভারী বৃষ্টির কারণে ‘সৈকত এক্সপ্রেস’ নির্ধারিত সময়ে ছাড়তে না পারলেও পরবর্তী ট্রেনগুলো সূচি অনুযায়ী চলবে বলে আশা করা হচ্ছে।
রেলওয়ে প্রকৌশল বিভাগ জানায়, শনিবার রাত পর্যন্ত রেললাইনের কিছু নিচু অংশে পানি জমে ছিল। প্রকৌশলীরা রাতভর কাজ করে ‘লাইন লিফটিং’ প্রযুক্তির মাধ্যমে রেললাইনকে পানির স্তর থেকে প্রায় ১০ ইঞ্চি উঁচু করেছেন। নিরাপত্তা পরীক্ষা শেষে আজ সকালে ট্রেন চলাচলের চূড়ান্ত অনুমতি দেওয়া হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের উপপরিচালক (জনসংযোগ) মো. হারুনুর রশিদ বলেন, “পানির স্তর নিরাপদ পর্যায়ে নেমে আসায় এবং সংস্কার কাজ সফলভাবে শেষ হওয়ায় আমরা ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।”
গত মঙ্গলবার থেকে ট্রেন চলাচল বন্ধ থাকায় কক্সবাজারগামী হাজারো পর্যটক ও সাধারণ যাত্রী চরম ভোগান্তিতে পড়েছিলেন। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও বড় ধরনের ক্ষতির মুখে ছিলেন। আজ থেকে ট্রেন চলাচল শুরু হওয়ায় পর্যটন নগরী কক্সবাজারে আবারও প্রাণচাঞ্চল্য ফিরবে বলে আশা করা হচ্ছে।
রেলওয়ে জানিয়েছে, আজ রাত ১১টায় ঢাকা থেকে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নির্ধারিত সময়ে ছেড়ে যাবে। এছাড়া কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ‘প্রবাল এক্সপ্রেস’ সহ অন্যান্য আন্তঃনগর ট্রেনগুলো নিয়মিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments