পাকুন্দিয়ায় নৌকাডুবির ৪৮ ঘণ্টা পর নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে নিখোঁজ হওয়ার ৪৮ ঘণ্টা পর সিরাজ উদ্দিন (৬৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকার নদের তীর থেকে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে। নিহত সিরাজ উদ্দিন পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া গ্রামের মৃত রইছ উদ্দিনের ছেলে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১০ জুলাই) সকাল ৭টার দিকে সিরাজ উদ্দিন ও তাঁর ছেলে শাকিল গরুর জন্য ঘাস কাটতে নৌকায় করে ব্রহ্মপুত্র নদের ওপারে যান। ঘাস কাটা শেষে সকাল সাড়ে ৯টার দিকে বাবা ও ছেলে দুটি আলাদা নৌকায় করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে মাঝ নদে সিরাজ উদ্দিনের নৌকাটি প্রবল স্রোতের কবলে পড়ে ডুবে যায়। এ সময় পাশে থাকা নৌকায় ছেলে শাকিল দ্রুত এগিয়ে এলেও স্রোতের তীব্রতা বেশি থাকায় বাবাকে উদ্ধার করতে পারেননি।
নিখোঁজের খবর পেয়ে ঘটনার এক ঘণ্টার মধ্যেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। তবে নদীতে প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধার তৎপরতা মারাত্মকভাবে ব্যাহত হয়। টানা দুই দিন নদের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েও ডুবুরিরা তাঁর সন্ধান পাননি। অবশেষে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর রোববার সকালে ঘটনাস্থল থেকে অনেক দূরে মরদেহটি ভেসে ওঠে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, “ঘটনাস্থল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে শ্রীপুর উপজেলার বরমী এলাকায় স্থানীয় লোকজন মরদেহ ভাসতে দেখেন। পরে নিহতের স্বজনরা সেখানে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments