Image description

গাইবান্ধা সদরের হরিনসিংহায় আলোচিত আবু রায়হান প্রধান (২১) নামে এক তরুণকে দিঘির পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। দীর্ঘ ২৬ দিন পলাতক থাকার পর অভিযুক্ত দুই বন্ধু মো. সাকিব মিয়া (১৮) ও মো. রিফাদ মিয়া (১৬)-কে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গত ১৬ জুন বিকেলে নিহত আবু রায়হানকে তাঁর দুই বন্ধু সাকিব ও রিফাত বাসা থেকে ডেকে নিয়ে দিঘিতে গোসল করতে যান। গোসলের এক পর্যায়ে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হলে তাঁরা রায়হানকে মারধর করেন এবং একপর্যায়ে পানিতে চুবিয়ে রাখেন। রায়হান অচেতন হয়ে পড়লে তাঁরা তাকে ফেলে রেখে পালিয়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১৯ জুন নিহতের বাবা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের পর থেকেই আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। মামলার গুরুত্ব বিবেচনায় র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার এজাহারভুক্ত আসামি সাকিব ঢাকার খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকায় লুকিয়ে আছেন। গত ১১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সাকিবের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ১১টার দিকে ঢাকার বিমানবন্দর থানাধীন সেন্টার শপিং মলের সামনে থেকে মামলার অপর আসামি রিফাতকে গ্রেপ্তার করে র‍্যাবের চৌকস দল। গ্রেপ্তার সাকিব মিয়া গাইবান্ধা সদরের হরিনসিংহা গ্রামের মো. জবান আলীর ছেলে এবং রিফাদ একই গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। নৃশংস এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এলাকায় আগে থেকেই বিক্ষোভ চলছিল, আসামিরা গ্রেপ্তার হওয়ায় নিহতের পরিবার ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

মানবকণ্ঠ/ডিআর