Image description

রাজধানী ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ী-গাজীবাড়ী আঞ্চলিক সড়কটি দীর্ঘ ৫৪ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। একই সঙ্গে বংশাই নদীর ওপর একটি সেতু না থাকায় গাজীবাড়ীসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষকে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্বাধীনতার ৫৫ বছরে পদার্পণ করলেও এই জনপদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।

স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় অতিবাহিত হলেও কোনো সরকার এ সড়ক ও সেতুর উন্নয়নে কার্যকর উদ্যোগ নেয়নি। শুষ্ক মৌসুমে ধুলো আর বর্ষা এলেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। কাদা, জলাবদ্ধতা ও খানাখন্দে ভরা সড়কটি তখন প্রায় অচল হয়ে পড়ে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, কৃষকদের উৎপাদিত পণ্য বাজারে পরিবহন এবং জরুরি রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। বর্ষা মৌসুমে বংশাই নদী পারাপারে নৌকাই একমাত্র ভরসা।

এলাকাবাসীর ভাষ্য, স্থানীয় জনপ্রতিনিধি ও সংসদ সদস্যরা প্রতিটি নির্বাচনের আগে সড়ক ও সেতু নির্মাণের জোরালো আশ্বাস দিলেও ভোটের পর সেই প্রতিশ্রুতি আর আলোর মুখ দেখে না। স্থানীয় বাসিন্দা আনিসুর রহমান ভূঁইয়া, কাজল, রুবেল, লাভলু, বিল্লাল ও চঞ্চলসহ অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, "নির্বাচন এলেই নেতারা আশ্বাসের ঝুলি নিয়ে আসেন, কিন্তু কাজ হয় না। ফলে আমরা উন্নয়নের মূলধারা থেকে অনেক পিছিয়ে আছি।"

এ বিষয়ে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক কাবুল খান বলেন, "আমি নতুন দায়িত্ব গ্রহণ করেছি। খুব শিগগিরই সড়কটি পরিদর্শন করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। আগামী অর্থবছরে সক্ষমতা অনুযায়ী রাস্তার উন্নয়নকাজ বাস্তবায়নের চেষ্টা করা হবে।"

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, "গোহাইলবাড়ী-গাজীবাড়ী সড়কটি পরিদর্শনের জন্য ইউনিয়ন পরিষদের প্রশাসককে নির্দেশ দেওয়া হবে। পরবর্তীতে অর্থবছরে বরাদ্দ ও সক্ষমতা অনুযায়ী রাস্তার উন্নয়নকাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।"

এলাকাবাসীর দাবি, গোহাইলবাড়ী থেকে গাজীবাড়ীসহ আশপাশের কয়েকটি গ্রামের এই সড়ক ও বংশাই নদীর ওপর একটি সেতু নির্মাণ হলে শুধু যাতায়াতই সহজ হবে না, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও স্থানীয় অর্থনীতিরও বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। তাই এবার তারা শুধু মৌখিক আশ্বাস নয়, দ্রুত বাস্তব প্রতিফলন দেখতে চান।

মানবকণ্ঠ/ডিআর