চন্দনাইশে বন্যার স্রোতে সড়ক বিচ্ছিন্ন, বরমা-মৌলভীবাজার রুটে চরম জনদুর্ভোগ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সাম্প্রতিক আকস্মিক বন্যায় ৫ নং বরমা ইউনিয়নের একটি জনগুরুত্বপূর্ণ সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যার পানির তীব্র স্রোতে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ‘বরমা কলেজ-চর বরমা-মৌলভীবাজার’ সড়কের একটি অংশ ছিঁড়ে যাওয়ায় বর্তমানে ওই এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম চর বরমা দোকানের পাড় থেকে আনিস মেম্বারের বাড়ি সংলগ্ন এলাকা পর্যন্ত সড়কটি বন্যার স্রোতে ধসে গেছে। সড়কটি বিচ্ছিন্ন হয়ে পড়ায় পশ্চিম চর বরমা এবং আশপাশের এলাকার হাজারো মানুষ চরম বিপাকে পড়েছেন। নিত্যপ্রয়োজনীয় কাজ, জরুরি চিকিৎসাসেবা গ্রহণ এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে স্থানীয়দের এখন দীর্ঘ পথ ঘুরে অথবা চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত সংস্কার করা না হলে এই জনদুর্ভোগ দীর্ঘস্থায়ী রূপ নেওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
বরমা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য (ইউএনপি) আনিস মেম্বার এবং এলাকাবাসী জানান, বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথেই জনস্বার্থে সড়কটি মেরামত করা জরুরি। তারা বলেন, এই সড়কটি চর বরমা এলাকার মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম। এটি দ্রুত সংস্কার করা না হলে কৃষিপণ্য পরিবহনসহ সবক্ষেত্রে স্থবিরতা নেমে আসবে।
জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার ও জনদুর্ভোগ লাঘবে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদের সদয় সুদৃষ্টি ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাধারণ জনগণ।
মানবকণ্ঠ/ডিআর




Comments