জীবন ও সম্পদ রক্ষায় প্রশাসনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর নির্দেশ
অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ পৌঁছানো এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১২ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), সিভিল সার্জনসহ মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় তিনি এসব নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। এখানে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। প্রতিটি সংস্থাকে একে অপরের সঙ্গে সমন্বয় করে জনগণের পাশে দাঁড়াতে হবে।"
প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণসামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, শিশু খাদ্য, প্রয়োজনীয় ওষুধ এবং জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একই সঙ্গে আশ্রয়কেন্দ্রগুলোতে নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা, বিদ্যুৎ ও যোগাযোগ সুবিধা সচল রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বিশেষভাবে নারী, শিশু, প্রবীণ ব্যক্তি, প্রতিবন্ধী এবং গর্ভবতী নারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করার কঠোর নির্দেশ দেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "দুর্যোগকালীন পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যেন চুরি, ডাকাতি, মজুতদারি বা ত্রাণ আত্মসাতের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, তা নিশ্চিত করতে হবে। ত্রাণ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার দিতে হবে।"
সভায় নদ-নদীর পানির স্তর এবং আবহাওয়ার পূর্বাভাস নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চট্টগ্রাম থেকে যুক্ত হওয়া কর্মকর্তারা জানান, সেখানে জলাবদ্ধতা কমতে শুরু করেছে। তবে সিলেট অঞ্চলে মনু নদের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতির অবনতি হচ্ছে এবং রংপুর বিভাগে নতুন করে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। এসব তথ্য জানার পর প্রধানমন্ত্রী সম্ভাব্য সব ঝুঁকি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ এবং প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম প্রস্তুত রাখার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, "জনগণের সেবক হিসেবে এই সংকটময় মুহূর্তে আপনাদের তাদের পাশে থাকতে হবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সরকার আপনাদের সব ধরনের সহযোগিতা প্রদান করবে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments