Image description

নীলফামারীর সৈয়দপুর তুলসীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি থেকে এবার একাই ৪০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ২৬ জন ট্যালেন্টপুলে এবং ১৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। জেলার মধ্যে এটিই একটি বিদ্যালয় থেকে সর্বোচ্চ সংখ্যক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর রেকর্ড।

গত রোববার প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে এই তথ্য জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান খান।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এই প্রতিষ্ঠানটি থেকে মোট ৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৪০ জনই বৃত্তি লাভ করে অনন্য এই কৃতিত্ব অর্জন করেছে। একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একসঙ্গে এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর বৃত্তি পাওয়ার খবরে বিদ্যালয়জুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। ফলাফল ঘোষণার পর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। পরে বিদ্যালয় প্রাঙ্গণে মিষ্টি বিতরণ করে এই সাফল্য উদযাপন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান খান বলেন, "শিক্ষকদের আন্তরিক পরিশ্রম, নিয়মিত পাঠদানের মানোন্নয়ন, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সচেতন সহযোগিতার ফলেই এই সাফল্য এসেছে। একসঙ্গে ৪০ জন শিক্ষার্থীর বৃত্তি অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। ভবিষ্যতেও এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।"

মানবকণ্ঠ/ডিআর