গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিশালাকৃতির মূর্তি নির্মাণকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচিত-সমালোচিত শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের অন্যতম উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (১২ জুলাই) রাতে ঢাকার সিআইডির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর গ্রামের হাসবাড়িতে হরিদাস বাবু একক প্রচেষ্টায় ৮১ ফুট উচ্চতার একটি রাম মূর্তি নির্মাণ শুরু করেন। অল্প সময়ের মধ্যে বিপুল অর্থ ব্যয়ে দেশের অন্যতম বড় এই মূর্তি নির্মাণের পেছনে রহস্যজনক অর্থায়ন ও বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। এ নিয়ে গত মাসে এলাকাবাসী ও সচেতন নাগরিকদের উদ্যোগে উপজেলা চত্বরে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা মূর্তির অর্থের উৎস তদন্ত করা, ভারতীয় কোনো সংশ্লিষ্টতা আছে কি না তা খতিয়ে দেখা এবং অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এই বিশালাকৃতির মূর্তি অপসারণের দাবি জানান। তোপের মুখে একপর্যায়ে মূর্তির নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। জনরোষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সে সময় উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন।
ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় সিআইডি পুলিশ দীর্ঘ সময় ধরে গোপনে তদন্ত চালায়। তদন্তের প্রেক্ষিতে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা সিআইডি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মানবকণ্ঠ/ডিআর




Comments