মানবকণ্ঠে সংবাদ প্রকাশ
রায়গঞ্জে জনগুরুত্বপূর্ণ সড়কে অস্থায়ী সংস্কার, কমেছে জনদুর্ভোগ
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া গোলচত্বরের বেহাল সড়ক নিয়ে সংবাদ প্রকাশের পর তা অস্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার (১২ জুলাই) রায়গঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী মোশাররফ হোসেন আকন্দ নিজ উদ্যোগে সড়কের বিভিন্ন স্থানে ইট ও রাবিশ ফেলে চলাচলের উপযোগী করে দেন। এতে কয়েকদিন ধরে কাদা-পানির কারণে চরম ভোগান্তিতে থাকা পথচারী ও যানবাহন চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এর আগে সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণকাজের ধীরগতির কারণে ধানগড়া গোলচত্বর এলাকায় সামান্য বৃষ্টিতেই কাদা ও পানিতে একাকার হয়ে যেত। সড়কে সৃষ্টি হওয়া বড় বড় গর্তে পানি জমে থাকায় প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছিল মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা, বাস ও ট্রাকচালকদের।
বিষয়টি নিয়ে দৈনিক মানবকণ্ঠ অনলাইন সংস্করণে ‘রায়গঞ্জে সড়ক খুঁড়ে ধীরগতির কাজ, কাদা-পানিতে জনদুর্ভোগ চরমে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে স্থানীয় প্রশাসন ও মহলে ব্যাপক সাড়া পড়ে। এর প্রেক্ষিতে রোববার সকালে মোশাররফ হোসেন আকন্দ শ্রমিক লাগিয়ে সড়কের গর্তগুলোতে ইট ও রাবিশ ফেলে চলাচলের উপযোগী করার ব্যবস্থা করেন।
মেয়র পদপ্রার্থী মোশাররফ হোসেন আকন্দ বলেন, “ধানগড়া গোলচত্বর রায়গঞ্জ পৌরসভা ও উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট। দীর্ঘদিন এটি বেহাল থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। প্রশাসনের কার্যকর উদ্যোগ না দেখে বিবেকের তাড়না থেকেই সড়কটি সাময়িকভাবে চলাচলের উপযোগী করার উদ্যোগ নিয়েছি। তবে এটি স্থায়ী সমাধান নয়; সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কাজ শেষ করলেই মানুষের দুর্ভোগ স্থায়ীভাবে দূর হবে।”
স্থানীয়রা জানান, অস্থায়ী সংস্কারের ফলে এখন যানবাহন আগের চেয়ে সহজে চলাচল করতে পারছে। তবে বর্ষা মৌসুমে নতুন করে দুর্ভোগ এড়াতে দ্রুত চলমান সড়ক ও ড্রেন নির্মাণকাজ শেষ করার দাবি জানিয়েছেন তারা।
উল্লেখ্য, এই সড়কটি দিয়ে প্রতিদিন উপজেলা পরিষদ, ইউএনও কার্যালয়, থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হাজার হাজার মানুষ ও শত শত যানবাহন যাতায়াত করে।
মানবকণ্ঠ/ডিআর




Comments