Image description

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ ও মানবিক সহায়তা বিতরণ করেছেন ২৯৯-রাঙামাটি আসনের সংসদ সদস্য ও সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান।

 সোমবার (১৩ জুলাই) সকালে তিনি উপজেলা পরিষদ মিলনায়তন এবং উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজ আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে এমপি দীপেন দেওয়ান আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যার্তদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন। তিনি ব্যক্তিগত ও সরকারি তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের খাবারের জন্য নগদ আর্থিক সহায়তা, ঘর মেরামতের জন্য ঢেউ টিন এবং নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে এমপি দীপেন দেওয়ান বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। সরকার পর্যাপ্ত সহায়তা দিচ্ছে এবং পর্যায়ক্রমে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবার তা হাতে পাবে। এছাড়া এই দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের ওপর চাপ কমাতে বাঘাইছড়িতে এনজিওর ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে।"

পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী শাহা এবং বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মজুমদার।

রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, জেলা সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানবকণ্ঠ/ডিআর