Image description

লক্ষ্মীপুরের রামগঞ্জে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে জুলাই গণঅভ্যুত্থানে রামগঞ্জের ছয় শহিদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। এরপর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, স্মৃতিচারণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বেলা সাড়ে ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত প্রধান আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজি আতিকুর রহমান। এতে প্রধান বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও শহিদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারী, পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসান বান্না, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন পলাশ, জুলাই শহিদ আনোয়ারের পিতা আল আমিন পাটোয়ারী, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের এবং সাবেক সভাপতি মাহমুদ ফারুক।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। দেশের স্বাধীনতা, ন্যায়বিচার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সর্বস্তরের মানুষের এই ঐক্যবদ্ধ ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহিদরা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর নন, তাঁরা আমাদের জাতীয় সম্পদ এবং সমগ্র জাতির অহংকার। তাঁদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করাই হবে তাঁদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর