Image description

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়াকে বদলি করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হলেও প্রজ্ঞাপনে বদলির সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

জানা যায়, গত বৃহস্পতিবার সকালে রাফে মোহাম্মদ ছড়াকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়। ওই পোস্টে দাবি করা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে তিনি আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। এই অভিযোগ ছড়িয়ে পড়লে আশুগঞ্জে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) জুলাই আন্দোলনের বিভিন্ন পক্ষ এবং সাধারণ নাগরিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

তবে এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিদায়ী ইউএনও রাফে মোহাম্মদ ছড়া। সাংবাদিকদের তিনি বলেন, “ঘটনার সময় আমি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলাম। সেদিন রাতে রামপুরায় দায়িত্ব পালন করলেও সেখানে কোনো ধরনের গুলির ঘটনা ঘটেনি। বিষয়টির সাক্ষী হিসেবে সেনাবাহিনীর কর্মকর্তারাও রয়েছেন।”

তিনি আরও দাবি করেন, আশুগঞ্জে অবৈধ বালু সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে এই অপপ্রচার ও ষড়যন্ত্র করছে।

বর্তমানে আশুগঞ্জে এই বদলি ও অভিযোগ নিয়ে নানা মহলে আলোচনা-সমালোচনা চলছে।

মানবকণ্ঠ/ডিআর