Image description

ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের সুনাইল গ্রামে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তা ও কালভার্টের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর তড়িৎ হস্তক্ষেপে দ্রুততম সময়ে এই সংস্কার কাজ শেষ হওয়ায় বর্তমানে ওই সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতে সুনাইল গ্রামের ওই কালভার্ট সংলগ্ন সড়কের একটি বড় অংশ ধসে পড়ে। এতে এলাকাবাসীর চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন।

প্রতিমন্ত্রীর নির্দেশনার পর অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার কাজ শুরু হয় এবং অল্প সময়ের মধ্যেই রাস্তা ও কালভার্টটি পুনরায় চলাচলের উপযোগী করে তোলা হয়। বর্তমানে সড়কটি দিয়ে নির্বিঘ্নে পথচারী ও যানবাহন চলাচল করছে।

সংস্কার কাজ শেষে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে সন্তোষ প্রকাশ করে লিখেছেন, “আলহামদুলিল্লাহ। এই রাস্তা ও কালভার্টের সংস্কার কাজটা সম্পন্ন হয়েছে। এই রাস্তার চলাচল এখন স্বাভাবিক রয়েছে। সাময়িক সমস্যার জন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত।”

এদিকে দ্রুততম সময়ে সড়কটি সংস্কার হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে। তারা প্রতিমন্ত্রীর এমন জনবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং সড়কটির স্থায়ী উন্নয়ন ও নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

মানবকণ্ঠ/ডিআর