কাজিপুরে সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু, ঝাড়ফুঁকে সময় নষ্টের অভিযোগ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় গোয়ালঘরে গরু তুলতে গিয়ে বিষধর সাপের কামড়ে মমতা (৪৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) গভীর রাতে উপজেলার খাসরাজবাড়ি ইউনিয়নের রাজবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মমতা ওই গ্রামের মৃত আবু সাইদের স্ত্রী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার দিবাগত রাত ১২টার দিকে মমতা বাড়ির গোয়ালঘরে গরু তুলতে যান। গোয়ালঘরের বৈদ্যুতিক সুইচ জ্বালানোর সময় সেখানে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তাঁর পায়ে ছোবল দেয়। কামড়ের পরপরই পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত হাসপাতালে না নিয়ে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। সেখানে দীর্ঘ সময় ঝাড়ফুঁক করার পর মমতার অবস্থার অবনতি হয়।
পরদিন মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৮টার দিকে তাঁকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু বগুড়ার ধুনট এলাকায় পৌঁছালে পথেই তাঁর মৃত্যু হয়।
কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল বলেন, "রোগীকে মঙ্গলবার সকালে হাসপাতালে আনার পর আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছিলাম। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে দ্রুত বগুড়ায় স্থানান্তর করা হয়। শুনেছি হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তাঁর মৃত্যু হয়েছে।"
এদিকে, সাপের কামড়ের পর হাসপাতালে নিতে দেরি হওয়ায় এবং কবিরাজের কাছে সময় নষ্ট করায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। তাঁরা ঝাড়ফুঁকের পরিবর্তে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments