Image description

বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, “জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দায়িত্ব নয়। যারা জনগণের অর্থ লুটপাট করেছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে এবং তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা জনগণের ভোটে নির্বাচিত, তাই তাদের কল্যাণে কাজ করতে আমরা দায়বদ্ধ।”

বুধবার (২২ জুলাই) বিকেলে নরসিংদী সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দলের নেতাকর্মীদের সতর্ক করে খায়রুল কবির খোকন বলেন, “দলের কোনো নেতাকর্মী যদি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে ‘ডাবল অ্যাকশন’ নেওয়া হবে। জনগণ আমাদের ওপর আস্থা রেখে নির্বাচিত করেছে, আমরা তাদের সেবা করতে চাই। জনস্বার্থে বরাদ্দকৃত একটি টাকাও কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না। বিএনপি যা বলে তা-ই করে।”

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম খান, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে ২১ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়া ১৫০ জন উপকারভোগীর মাঝে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড প্রদান করা হয়। সরকারের এই মানবিক সহায়তা কার্যক্রম স্বচ্ছতার সাথে প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মানবকণ্ঠ/ডিআর