সবুজ বাউফল গড়ার লক্ষ্যে সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পটুয়াখালীর বাউফলে সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির বলেন, “পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি হাতে নিয়েছে, এটি শুধু রাজনৈতিক কর্মসূচি নয় বরং পরিবেশ সংরক্ষণ ও মানবকল্যাণে একটি জাতীয় উদ্যোগ। প্রত্যেক নাগরিক যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করেন, তবে জলবায়ু পরিবর্তনের প্রভাব অনেকাংশে মোকাবিলা করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “গাছ আমাদের অক্সিজেনের প্রধান উৎস। এটি পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমায়। তাই শুধু গাছ লাগানো নয়, প্রতিটি চারা বড় হওয়া পর্যন্ত যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। একটি সবুজ ও সুন্দর জনপদ গড়ে তুলতে আমি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এই বৃক্ষরোপণ আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সদস্য জাকির হোসেন কানুনগো, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু, যুগ্ম আহ্বায়ক হাসান মল্লিক এবং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণসহ আশপাশের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এই সবুজায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments