Image description

নীলফামারীর ডিমলায় জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ায় ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে উপজেলা প্রশাসন ও পাম্প কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুদ রয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ডিমলা উপজেলার মেসার্স আলম ফিলিং স্টেশন ও মেসার্স আফতাব ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন।

এ বিষয়ে ফিলিং স্টেশনের ম্যানেজাররা জানান, ডিপো থেকে তেল সরবরাহ বা সংকট সংক্রান্ত কোনো নেতিবাচক বার্তা তারা পাননি। সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও কেবল গুজবের কারণে মানুষ প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহ করতে ভিড় করছেন।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান বলেন, “দেশে বর্তমানে প্রায় ৪৫ দিনের জ্বালানি তেলের মজুদ রয়েছে। তেলের সংকটের যে খবর ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। একটি স্বার্থান্বেষী মহল সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এমন অস্থিরতা তৈরির চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, “আমরা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছি। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার ও ফিলিং স্টেশন মনিটরিং করা হচ্ছে। কোনো ধরনের গুজবে কান দিয়ে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কিনবেন না। আমরা আজ বিকেলেই পাম্পগুলো পরিদর্শনে যাব।”

প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, গুজব ছড়িয়ে বাজারে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবকণ্ঠ/ডিআর