Image description

নেত্রকোণার সদর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে মাহফুল মিয়া (৩৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করার খবর পাওয়া গেছে। রবিবার (২৬ জুলাই) ভোরে কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া (পশ্চিমপাড়া) গ্রাম থেকে নিজ বসতঘর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মাহফুল মিয়া ওরফে মাসুল ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ১২টার দিকে নৈশভোজ শেষে নিজ কক্ষে ঘুমাতে যান মাহফুল। রোববার ভোর ৫টার দিকে তার মা উঠে ছেলের ঘরের দরজা খোলা দেখতে পান। ভেতরে প্রবেশ করে মেঝেতে মাহফুলের গলা কাটা ও রক্তাপ্লুত মরদেহ পড়ে থাকতে দেখে তিনি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন।

সংবাদ পেয়ে নেত্রকোণা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে জানা গেছে, প্রতিবেশী শফিকুল ইসলামের (৪০) সঙ্গে নিহত মাহফুলের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।