নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে চাপা দিয়েছে। এতে এক পথচারী নিহত হয়েছেন এবং চালকসহ অন্তত ৪ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনের সোনাখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাহে আলম (৪০) পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। তিনি বরিশালের ভোলা জেলার মৃত মজিবুর রহমানের ছেলে এবং বর্তমানে উপজেলার বাবরকপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
আহতরা হলেন—বাবরকপুর এলাকার মো. শহিদ, সোনাখালীর মো. আলিনুর, সোনা গাজীর মো. টিকা খান ও সোনাখালীর মো. সুরুজ মিয়া। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মদনপুরের আল বারাকা হাসপাতালে ভর্তি করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকামুখী মালবাহী একটি ট্রাক সোনাখালী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়, এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। একই সময়ে ঘটনাস্থলে থাকা পথচারী মাহে আলম ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে অটোরিকশার ভেতরে আটকে পড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন এবং দুর্ঘটনাকবলিত যান দুটি রাস্তা থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
কাঁচপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট আওলাদ হোসেন জানান, ঘাতক ট্রাক ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments