Image description

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান থেকে প্রায় ১৭ ফুট লম্বা একটি বিশালাকার অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বাগান থেকে অসুস্থ অবস্থায় সাপটি উদ্ধার করেন বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা। বর্তমানে অজগরটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্থানীয় ও বাগান কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ফুলবাড়ি চা বাগানের ১৭ নম্বর সেকশন এলাকায় শ্রমিকরা চা-পাতা সংগ্রহের কাজ করছিলেন। এ সময় ঝোপের মধ্যে বিশাল আকৃতির অজগরটি দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি বাগানের ব্যবস্থাপককে জানানো হলে তিনি সাপ-সংরক্ষক ও ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের (সিসিএ) কর্মীদের খবর দেন।

খবর পেয়ে সিসিএ-এর সংরক্ষণকর্মী চঞ্চল গোয়ালা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সাথে অজগরটিকে উদ্ধার করেন। তিনি জানান, প্রায় ১৭ ফুট দীর্ঘ এই অজগরটি বেশ অসুস্থ। উদ্ধারের পর সেটিকে দ্রুত লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

ফুলবাড়ি চা বাগানের ব্যবস্থাপক মিজানুর রহমান আশিক মিয়া বলেন, "বন্যপ্রাণী আমাদের পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। অজগরটি দেখার পর আমরা সেটির কোনো ক্ষতি না করে দ্রুত উদ্ধারকারী দলের সাথে যোগাযোগ করি। সবার সচেতনতায় প্রাণীটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।"

লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, "বিশাল আকৃতির এই অজগরটি সফলভাবে উদ্ধার করা হয়েছে। তবে এটি কিছুটা অসুস্থ থাকায় আমরা সেটিকে রেসকিউ সেন্টারে চিকিৎসা ও পরিচর্যার জন্য রেখেছি। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে বন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী সেটিকে পুনরায় প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।"

বিশেষজ্ঞরা জানান, বনভূমি উজাড় হওয়া এবং আবাসস্থল ধ্বংস হওয়ার কারণে বন্যপ্রাণীরা প্রায়ই খাদ্যের সন্ধানে লোকালয় বা চা বাগানে চলে আসে। অজগর বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণী হওয়ায় এগুলোকে পিটিয়ে হত্যা না করে উদ্ধারের উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের ধন্যবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মানবকণ্ঠ/ডিআর