Image description

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর আয়োজন করেছে কুমিল্লা জুলাই স্মৃতি পাঠাগার ও গ্রাফিতি সংগ্রহশালা।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টায় কুমিল্লা মহানগরীর রেসকোর্স এসকে স্পোর্টস মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা মহানগরের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লার সাবেক আহ্বায়ক এবং কুমিল্লা জুলাই স্মৃতি পাঠাগার ও গ্রাফিতি সংগ্রহশালার সভাপতি আবু রায়হান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য সালমান ফার্সি, জুলাই যোদ্ধা সাংবাদিক আব্দুল্লাহ আল মানছুর, সাংবাদিক গিয়াস উদ্দিনসহ অন্যান্যরা।

ফুটবল খেলা শুরুর আগে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথি ও জুলাই যোদ্ধা ফখরুল ইসলাম মিঠু বলেন, জুলাইয়ের শহীদরা নিজেদের ভবিষ্যতের কথা না ভেবে দেশের ভবিষ্যৎ রক্ষায় সর্বোচ্চ আত্মত্যাগ করে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করেছিলেন। তাঁদের রক্তে লেখা ইতিহাস শুধু স্মরণ করার বিষয় নয়; বরং তা আগামী প্রজন্মের জন্য আদর্শ, সাহস ও দায়িত্ববোধের অনুপ্রেরণা হয়ে থাকবে।

তিনি আরও বলেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, সহনশীলতা ও দলগত চেতনায় উদ্বুদ্ধ করে এবং মাদক, সহিংসতা ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে।

প্রধান বক্তা ও কুমিল্লা জুলাই স্মৃতি পাঠাগার ও গ্রাফিতি সংগ্রহশালার সভাপতি আবু রায়হান বলেন, যে জাতি তার শহীদদের সম্মান করতে জানে, সেই জাতিই ভবিষ্যতে আরও শক্তিশালী ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে সক্ষম হয়। জুলাই শহীদদের স্মরণে এই ফুটবল টুর্নামেন্ট তরুণদের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও জাতীয় দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কুমিল্লা জুলাই স্মৃতি পাঠাগার ও গ্রাফিতি সংগ্রহশালা আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।