গাইবান্ধায় ফ্যামিলি কার্ড শুমারিতে অনিয়মের অভিযোগে ইউএনও ও সমাজসেবা অফিসে তালা
গাইবান্ধার সুন্দরগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিক্ষোভকারীরা উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
বিক্ষোভকারীরা বর্তমান নিয়োগ প্রক্রিয়া বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষ পদ্ধতিতে নতুন করে নিয়োগের দাবি জানিয়েছেন। এদিন দুপুরে পৌর শহরের বাহিরগোলা জামে মসজিদ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ড শুমারির মতো একটি জনকল্যাণমূলক কর্মসূচিতে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করা হয়নি। যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে পছন্দের ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। তাদের দাবি, বিতর্কিত প্রক্রিয়ায় নিয়োগ পাওয়া ব্যক্তিদের দিয়ে তথ্য সংগ্রহ করা হলে প্রকৃত উপকারভোগীরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হতে পারেন।
বক্তারা অভিযোগ করেন, ইউএনও ও সমাজসেবা কর্মকর্তা নিরপেক্ষতার বাইরে গিয়ে কাজ করছেন এবং নিয়োগে দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। তারা এই নিয়োগ বাতিলের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ, সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিক, পৌর বিএনপির আহ্বায়ক মো. ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন, যুগ্ম-আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মতিয়ার রহমান, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনোয়ার ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওয়ালিউজ্জামান মন্ডল রিয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে নিয়োগে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি। তিনি বলেন, “নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি। ছয়টি বোর্ডের মাধ্যমে স্বচ্ছতার সাথে পরীক্ষা নিয়ে যোগ্য প্রার্থীদেরই নির্বাচিত করা হয়েছে। কারও কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তারা আমাকে জানাতে পারতেন।” তবে কার্যালয়ে তালা দেওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
ডিআর




Comments