মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি বসতঘরের সিলিং থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার ৫ নম্বর পুল এলাকার রুশন আলীর ঘর থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঘুমানোর প্রস্তুতির সময় ঘরের সিলিংয়ে অজগরটি দেখতে পান রুশন আলী। হঠাৎ সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পরিবারের সদস্যরা ঘর থেকে বেরিয়ে যান। পরে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে সংস্থাটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে অজগরটির অবস্থান শনাক্ত করেন। পরে সতর্কতার সঙ্গে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন ১৬ কেজি। পরে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার করা অজগরটি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এটিকে নিরাপদ স্থানে বনে অবমুক্ত করা হবে।
এসএস




Comments