বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ কালিবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে সুইচগেট না থাকায় পানি নিয়ন্ত্রণ ও কৃষিকাজে নানা সমস্যায় পড়ছেন স্থানীয়রা। এ সমস্যা সমাধানে দ্রুত একটি টেকসই সুইচগেট নির্মাণ ও বেড়িবাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় যুবসমাজ ও বাসিন্দারা।
এ দাবিতে সোমবার (১৭ আগস্ট) বিকেলে দক্ষিণ কালিবাড়ি এলাকায় প্রচারাভিযান ও গণসংযোগ কর্মসূচি পালন করেন স্থানীয় যুবকরা। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
নবধারা যুব সংঘের আয়োজনে, নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর বাস্তবায়নে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় যুবসমাজ, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, দক্ষিণ কালিবাড়ি এলাকায় পানি প্রবাহ ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় কৃষকদের নিয়মিত সমস্যায় পড়তে হচ্ছে। বর্ষা ও অতিরিক্ত পানির সময় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
স্থানীয় ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী তরিকুল ইসলাম বলেন, “দক্ষিণ কালিবাড়ির মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে এখানে একটি টেকসই সুইচগেট নির্মাণ জরুরি। এটি বাস্তবায়ন হলে কৃষিকাজসহ স্থানীয় মানুষের নানা সমস্যা কমবে।”
নবধারা যুব সংঘের সভাপতি আলফি স্বাগতম বলেন, “সুইচগেট না থাকায় এলাকার কৃষক ও সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন। একটি টেকসই সুইচগেট নির্মাণ হলে দক্ষিণ কালিবাড়ির এক হাজারের বেশি মানুষ সরাসরি উপকৃত হবেন।”
তিনি দ্রুত প্রকল্পটি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির সহযোগিতা কামনা করেন।
পরে সুইচগেট নির্মাণ ও প্রয়োজনীয় অবকাঠামো সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়। আয়োজকরা জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত স্থানীয় যুবসমাজকে সঙ্গে নিয়ে জনসচেতনতা ও অ্যাডভোকেসি কার্যক্রম অব্যাহত রাখা হবে।
এসএ




Comments