Image description

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে অনিয়মের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশের পরদিনই সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে বদলি করা হয়েছে। তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

একই আদেশে কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাজেদুর রহমানকে চলতি দায়িত্বে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়েছে। তাঁকে আগামী ২৪ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জনস্বার্থে এ আদেশ জারির কথা উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলি হওয়া দুই কর্মকর্তাকে আগামী ২৪ আগস্টের মধ্যে নিজ নিজ নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২৫ আগস্ট থেকে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য করা হবে।

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর চট্টগ্রামের সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পান ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তাঁর দায়িত্বকালে সিভিল সার্জন কার্যালয়ের অধীনে স্বাস্থ্য সহকারীসহ ১৭১টি পদে নিয়োগ পরীক্ষা ঘিরে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে।

এর মধ্যে বুধবার একটি জাতীয় দৈনিকে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়ে ‘জালিয়াতির পাহাড়’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরদিনই সিভিল সার্জনকে বদলি ও ওএসডি করার আদেশ আসে।

তবে প্রকাশিত প্রতিবেদনে ওঠা অভিযোগের সঙ্গে ডা. জাহাঙ্গীর আলম চৌধুরীর বদলির সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। বদলির কারণ হিসেবে শুধু ‘জনস্বার্থ’ উল্লেখ করা হয়েছে।

এসএ