Image description

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। উপজেলার বড়লই দ্বিমুখী দাখিল মাদ্রাসার ওই শিক্ষার্থীর বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীর নাম আবু সায়েদ। সে ওই মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র এবং বড়ভিটা ইউনিয়নের বড়লই এলাকার রেজাউল ইসলামের ছেলে।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, সম্প্রতি আবু সায়েদের ইয়াবা সেবনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষের নজরে আসে। পরে ঘটনার সত্যতা যাচাই ও যাচাই-বাছাই শেষে প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখতে ওই শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান, আতাউর রহমান খন্দকার ও মিল্টন এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলেন, মাদক প্রতিরোধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদ্রাসা কর্তৃপক্ষ যে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়েছে, তা প্রশংসনীয়। এর মাধ্যমে অন্য শিক্ষার্থীরাও সতর্ক হবে।

এ বিষয়ে ওই শিক্ষার্থীর বাবা রেজাউল ইসলাম মুঠোফোনে বলেন, “আমার ছেলে অপরাধ করেছে এবং মাদক সেবন করেছে। এর শাস্তি হিসেবে কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করেছে। এখানে আমার নতুন করে বলার কিছু নেই।”

বড়লই দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার নুরুল ইসলাম সরকার বলেন, “প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা মাদকসহ যেকোনো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। এরই ধারাবাহিকতায় ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বহিষ্কৃত ওই শিক্ষার্থীর সাথে মাদ্রাসার অন্য সকল শিক্ষার্থীর মেলামেশা বন্ধের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিআর