Image description

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ১২ রবিউল আউয়াল উপলক্ষে ভোলায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) ভোলা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

ভোলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. শামীম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনিন্দ্য মণ্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রাজিবুল ইসলাম এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, বিজেপি ভোলা জেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম রতন, এনসিপি ভোলা জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব মুঃ মাকসুদুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম।

আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাওলানা মীর মো. বেলায়েত হোসেনসহ স্থানীয় ওলামায়ে কেরাম। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন নবী করীম (সা.)-এর সুন্নাহ ও তাঁর দেখানো পথে জীবন গড়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, “মহানবী (সা.) সমগ্র বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ প্রেরিত হয়েছেন। তাঁর জীবন ছিল ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ এবং শান্তির মূর্ত প্রতীক। ব্যক্তিগত ও সামাজিক জীবনে তাঁর আদর্শ অনুসরণ করলে সমাজ থেকে অন্যায়-অবিচার দূর হয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে।” তারা নতুন প্রজন্মের কাছে নবীর সীরাত ও নৈতিক শিক্ষা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে আলেম-ওলামা, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

ডিআর