Image description

ময়মনসিংহের নান্দাইলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ডিসি’স সাইন্স ট্যালেন্ট হান্ট’। শনিবার (২৯ আগস্ট) নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে উপজেলা পর্যায়ের এ বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা তৈরি, মেধার বিকাশ এবং উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ্ উদ্দিন মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মফিজুল ইসলাম এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন।

এ সময় নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হাসনাত মাহমুদ তালহা ভূইয়াসহ বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তায় দক্ষ করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বিজ্ঞানচর্চার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতেও এ ধরনের প্রতিযোগিতা সহায়ক হবে।

প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এর মাধ্যমে বিজ্ঞানচর্চার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ সুরক্ষা ও বৃক্ষরোপণে উৎসাহিত করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি পরিবেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তোলার লক্ষ্যেই প্রতিযোগিতার শেষে চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এসএ