ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজটে প্রায় চার ঘণ্টা আটকে থাকার পর অ্যাম্বুলেন্সেই আমিরুন্নেছা (৬০) নামে এক হৃদরোগী নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে দাউদকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আমিরুন্নেছা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
নিহতের স্বজন তারেক আল হাসান জানান, শুক্রবার রাতে আমিরুন্নেছা হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর থেকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হন তাঁরা। রাত ১১টার দিকে অ্যাম্বুলেন্সটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে পৌঁছালে তীব্র যানজটে আটকা পড়ে। দীর্ঘ চার ঘণ্টা গাড়িটি এক জায়গাতেই স্থবির হয়ে দাঁড়িয়ে থাকে। একপর্যায়ে অ্যাম্বুলেন্সের ভেতরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমিরুন্নেছা।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচরে একটি সেতু সংস্কারের কাজ শুরু হলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। ধীরে ধীরে এই যানজট ভয়াবহ রূপ নেয় এবং কুমিল্লার দাউদকান্দির ইলিয়াটগঞ্জ পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। শনিবার দুপুর পর্যন্ত এই পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি।
তীব্র যানজটে আটকা পড়ে হাজার হাজার যানবাহনের চালক ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। প্রচণ্ড গরমে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা অসুস্থ হয়ে পড়ছেন। দীর্ঘ সময় আটকে থাকায় অনেকেরই খাবার ও পানির সংকট দেখা দিয়েছে।
এক যাত্রী জানান, রাত আড়াইটায় ইলিয়াটগঞ্জে আটকে পড়ে সকাল ৮টা পর্যন্ত মাত্র ১০ কিলোমিটার পথ পাড়ি দিতে পেরেছেন তিনি।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ শামীম জানান, আষাড়িয়ারচরে ঢাকামুখী লেনে সংস্কারকাজ চলায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
হাইওয়ে দাউদকান্দি ক্রসিং থানার ওসি প্রেমচাঁদ রায় বলেন, “শনিবার দুপুরেও দাউদকান্দিতে থেমে থেমে যানবাহন চলছে। হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” তবে মেঘনা ও গোমতী সেতুর টোলপ্লাজায় যানবাহনের জট থাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগছে।
ডিআর




Comments