মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা সেতুর ঢালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মাগুরা থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসটি মাওয়া এলাকায় পদ্মা সেতুর ঢালে এসে নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি সড়কের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
আহতরা হলেন— মাগুরা সদরের সাইফুল্লাহ (৮০) ও লুৎফর (৬৩), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রেবেকা খাতুন (৪০), দামুড়হুদার নূর ইসলাম (৪৬) ও রশিদা (৪০), মাগুরার মোহাম্মদপুরের ফাতেমা (৭), শ্রীপুরের সাইফ (২৩) এবং ফরিদপুরের মধুখালীর আরাফাত (১৩)।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বেপরোয়া গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে।
ডিআর




Comments