Image description

ময়মনসিংহের নান্দাইলে পুকুরের পাড় কেটে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে আল আমিন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলার মুশুল্লী ইউনিয়নের পালাহার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) সালাহ উদ্দিন মাহমুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুকুরের পাড় কেটে অবৈধ ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়।

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আল আমিনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি আব্দুস সোবহানের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ বলেন, “বারবার সতর্ক করার পরও তিনি অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পুকুরের পাড় কেটে বালু উত্তোলন করে আসছিলেন। পরে আমরা অভিযান পরিচালনা করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এসএ