মতলবে ২৫ মামলার আসামি মাদক সম্রাট সুমন প্রধান গ্রেপ্তার
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ২৫ মামলার আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী সুমন প্রধানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) গ্রেফতারকৃত আসামিকে চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিকের দিকনির্দেশনায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত সুমন প্রধান উপজেলার নারায়ণপুর পৌরসভার চাপাতিয়া গ্রামের মো. এবাদুল্যাহ প্রধানের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সম্রাট সুমন প্রধানকে উপজেলার চাপাতিয়া এলাকায় তার বসতবাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে। সুমন প্রধান দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল। তার কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে বলছিল স্থানীয়রা। গ্রেপ্তার এড়াতে সে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। অভিযুক্ত সুমনের বিরুদ্ধে পূর্বে ২৫টি মামলা রয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, "৩টি সাজা জিআর পরোয়ানা ও ১টি জিআর পরোয়ানা মূলে সুমন প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে পূর্বে ২৫টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকা থেকে কিশোর গ্যাং, মাদক ও নানা অপরাধ নির্মূলে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।"
ডিআর




Comments