Image description

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক পুলিশ কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, প্রাণনাশের হুমকি ও ধাক্কা দিয়ে আহত করার অভিযোগে মমিনুর রশিদ মামুন (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশ সদস্যকে আহত করার মামলায় অভিযুক্ত ওই যুবককে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পীরগঞ্জ পূর্ব চৌরাস্তা এলাকায় থানা পুলিশ ও জেলা ট্রাফিক পুলিশ যৌথভাবে বিশেষ চেকপোস্ট পরিচালনা করছিল। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মমিনুর রশিদ হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালিয়ে আসার সময় চেকপোস্টে তাঁকে থামায় পুলিশ। মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখাতে অস্বীকৃতি ও অসহযোগিতামূলক আচরণ করায় ট্রাফিক সার্জেন্ট শাজাহান আলী সড়ক পরিবহন আইনে তাঁর বিরুদ্ধে মামলা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তি উপস্থিত পুলিশ সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

ঘটনার পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে পূর্ব চৌরাস্তার ‘সাফ ওয়ান স্পোর্টস’-এর সামনে এসে মমিনুর রশিদ পুনরায় পুলিশ সদস্যদের লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য ও গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তিনি দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মো. শামিম আলমকে সরাসরি প্রাণনাশের হুমকি দেন।

উক্ত পুলিশ কর্মকর্তা এসব আচরণের প্রতিবাদ জানালে মমিনুর নিজ মোবাইল ফোনে জোরপূর্বক ভিডিও ধারণ করতে থাকেন। স্থানীয় পথচারীরা তাকে শান্ত করার চেষ্টা করলেও তিনি আরও উত্তেজিত হয়ে এসআই শামিম আলমকে সজোরে ধাক্কা দেন। এতে তিনি পাশের একটি দোকানের কাঠের ফ্রেমের সঙ্গে সজোরে আঘাত পেয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

পরবর্তীতে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে আটকের চেষ্টা করলে তিনি দৌড়ে পালিয়ে যান। আহত এসআই শামিম আলমকে আশঙ্কাজনক অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় আহত এসআই নিজে বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করলে মঙ্গলবার রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মমিনুরকে গ্রেপ্তার করে পুলিশ।

পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আব্দুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডিআর