বিয়ের তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় নববিবাহিত যুবকের মৃত্যু
বিয়ের আনন্দ আর উৎসবের আমেজ কাটতে না কাটতেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নববিবাহিত যুবক ইকনের। লক্ষ্মীপুরের রামগঞ্জে জিপ গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় একই মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আলিপুর বাজারসংলগ্ন প্রধান সড়কে এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। নিহত ইকন রামগঞ্জ পৌরসভার জগতপুর গ্রামের যোগীবাড়ির বাসিন্দা। তিনি রামগঞ্জ উপজেলার 'আরএসএল নেটওয়ার্ক'-এ সিনিয়র টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ইকনসহ তাঁর তিন সহকর্মী ও বন্ধু একটি মোটরসাইকেলযোগে গন্তব্যে যাওয়ার সময় আলিপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি জিপ গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির সজোরে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় পথচারীরা তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইকনের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে কিছুক্ষণ পরই তিনি মৃত্যুবরণ করেন। দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত অপর দুই আরোহীকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে রেফার করা হয়।
হৃদয়বিদারক এ ঘটনার পর নিহত ইকনের চাচাতো ভাই রুবেল অঝোরে কেঁদে জানান, "মাত্র তিন দিন আগে বর্ণাঢ্য আয়োজনে ইকনের বিয়ে সম্পন্ন হয়েছে। নতুন জীবনের স্বপ্ন নিয়ে পরিবারে যখন আনন্দের বন্যা বইছিল, তখনই মর্মান্তিক এই দুর্ঘটনায় সব স্বপ্ন মুহূর্তের মধ্যে তছনছ হয়ে গেল। পরিবারের সদস্যরা এই শোকে বাক্রুদ্ধ, মাত্র তিন দিনের মাথায় নববধূর কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিতে হলো ইকনকে।"
ইকনের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তাঁর পরিবার, নিকটাত্মীয়, সহকর্মী ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ঘটনাটি অত্যন্ত করুণ ও মর্মান্তিক। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ডিআর




Comments