আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচারপ্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থীদের সরকারি খরচে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান বিষয়ে রাঙ্গামাটির বাঘাইছড়িতে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বাঘাইছড়ি উপজেলা মিনি কনফারেন্স রুমে রাঙ্গামাটি পার্বত্য জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা চীফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ) এ.এস.এম. এমরান।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) মো. আমানত উল্লাহ শাহিন, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হেডম্যান, মসজিদের ইমাম, বৌদ্ধ ভিক্ষু, পুরোহিত, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, অর্থের অভাবে কিংবা সামাজিক অনগ্রসরতার কারণে দেশের কোনো নাগরিক যেন বিচারপ্রাপ্তি থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে সরকার বিনামূল্যে আইনগত পরামর্শ ও মামলা পরিচালনার সুবিধা প্রদান করছে। তবে পর্যাপ্ত প্রচার-প্রচারণার অভাবে অনেক অসচ্ছল ও দুস্থ মানুষ এ সুবিধা সম্পর্কে অবগত নন।
বক্তারা আরও বলেন, প্রান্তিক পর্যায়ে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অসচ্ছল মানুষের আইনগত সহায়তা পাওয়ার অধিকার নিশ্চিত করাই এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির মূল উদ্দেশ্য। এ বিষয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।
এসএ




Comments