নান্দাইলে অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন ও ফলজ গাছের চারা বিতরণ
‘শুভ কাজে সবার পাশে’—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে তিন মাসের প্রশিক্ষণ শেষে ২০ জন নারীর মাঝে সেলাই মেশিন ও ফলজ গাছের চারা বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ শেষে নির্বাচিত ২০ জন নারীর প্রত্যেকের হাতে একটি করে সেলাই মেশিন ও ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়।
একাডেমি সুপারভাইজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লেখক, কথাসাহিত্যিক ও সাংবাদিক ইমদাদুল হক মিলন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মুজাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজী, নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজের অধ্যক্ষ ইনামুল হক এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা কামরুল হাসান।
আয়োজকরা জানান, নির্বাচিত ২০ জন অস্বচ্ছল নারী সেলাই মেশিন ব্যবহার করে ঘরে বসে সেলাইয়ের কাজের মাধ্যমে আয় করতে পারবেন। এতে তাঁদের পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ার পাশাপাশি ধীরে ধীরে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে।
এ ছাড়া পরিবেশ রক্ষায় উৎসাহিত করতে প্রত্যেক নারীর হাতে একটি করে ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়। এর মাধ্যমে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি বাড়ির আঙিনায় ফলজ গাছ লাগানোর প্রতিও তাঁদের উৎসাহিত করা হয়েছে।
বক্তারা বলেন, নারীদের শুধু আর্থিক বা উপকরণ সহায়তা দেওয়ার পাশাপাশি আয় করার সুযোগ তৈরি করা গেলে পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। বসুন্ধরা শুভসংঘের এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ অস্বচ্ছল নারীদের আত্মনির্ভরশীল হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসএ




Comments