Image description

ময়মনসিংহের নান্দাইলে আনওয়ারুল হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজে গিয়ে শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় কলেজের শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন প্রতিমন্ত্রী।

মতবিনিময়কালে শিক্ষার গুণগত মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন ইয়াসের খান চৌধুরী। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা এবং মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করার বিষয়ে তিনি শিক্ষকদের প্রয়োজনীয় তাগিদ দেন।

প্রতিমন্ত্রী বলেন, একটি এলাকার সামগ্রিক উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। শিক্ষার্থীদের শুধু পরীক্ষামুখী না করে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা প্রয়োজন।

পরে কলেজ প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের অংশ হিসেবে একটি আমগাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ সময় কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসএ