Image description

মানিকগঞ্জের সিংগাইরে প্রেমঘটিত বিয়ের পর স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার ক্ষোভে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন জীবন (২০) নামের এক যুবক।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিংগাইর পৌরসভার ৬নং ওয়ার্ডের আঙ্গারিয়া মহল্লায় এই ঘটনা ঘটে। মারাত্মক দগ্ধ অবস্থায় যুবককে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অগ্নিদগ্ধ জীবন স্থানীয় জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আঙ্গারিয়া মহল্লার যুবক জীবনের সাথে পার্শ্ববর্তী এলাকার মিম (১৬) নামের এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তারা পরিবারকে না জানিয়ে পালিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয় এবং জীবনের বাড়িতে অবস্থান করতে থাকে। খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় মিমের পরিবারের সদস্যরা জীবনের বাড়িতে চড়াও হয় এবং মিমকে জোরপূর্বক তাদের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় জীবন বাঁধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন এবং শ্বশুরবাড়ির লোকজন মিমকে নিয়ে চলে যায়।

কনেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার ঘটনার পর তীব্র ক্ষোভ, হতাশা ও অভিমানে জীবন ঘর থেকে পেট্রোল এনে নিজের শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন পুরো শরীরে ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে আগুন নেভায় এবং তাঁকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, “বিষয়টি আমরা খোঁজখবর রাখছি। কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ডিআর