পবিপ্রবির উদ্যোগে বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রকল্প হস্তান্তর
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) একাডেমি-ইন্ডাস্ট্রি কোলাবরেশনের আওতায় বরিশাল সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একটি যৌথ গবেষণা প্রকল্পের প্রস্তাব হস্তান্তর করা হয়েছে।
২৯ সেপ্টেম্বর বেলা ১টায় অস্ট্রেলিয়ার ইউরালা কাউন্সিল, নিউ ইংল্যান্ড ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া, এসিআই ফার্টিলাইজার বাংলাদেশ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল সিটি কর্পোরেশনের সমন্বয়ে প্রস্তাবিত যৌথ গবেষণা প্রকল্পটি বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের কাছে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্টরা জানান, অস্ট্রেলিয়ার একটি কোম্পানি পাইরোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে বর্জ্য পুনর্ব্যবহার ও ব্যবস্থাপনায় অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে। এরই পরিপ্রেক্ষিতে বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও টেকসই করার লক্ষ্যে এ গবেষণা প্রকল্পের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত গবেষণা প্রকল্পের প্রজেক্ট লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং অস্ট্রেলিয়ার নিউ ইংল্যান্ড ইউনিভার্সিটির শিক্ষক প্রফেসর ড. শামীম মিয়া।
প্রকল্পের প্রজেক্ট মেম্বার হিসেবে রয়েছেন পবিপ্রবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. খোকন হোসেন এবং জেএসপিএস-ইউজিসি বাই-ল্যাটারাল জয়েন্ট রিসার্চ প্রজেক্টের প্রজেক্ট মেম্বার ও স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার।
সংশ্লিষ্টরা আশা করছেন, গবেষণা প্রকল্পটি বাস্তবায়িত হলে বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়বে এবং বর্জ্য থেকে সম্পদ পুনরুদ্ধারের নতুন সুযোগ তৈরি হবে।
উল্লেখ্য, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের দেশীয় ও আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে অবস্থান উন্নীত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়টি কাজ করে যাচ্ছে।
এসএ




Comments